Breaking News
Loading...

মঙ্গলবার, ২১ মার্চ, ২০১৭

কেন্দ্রীয় নেতাদের পদচারণায় জমে উঠেছে কুমিল্লার নির্বাচনী মাঠ

কুমিল্লা: জমে উঠেছে কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের সপ্তম
দিনের আনুষ্ঠানিক প্রচারণা। গুঁড়ি গুঁড়ি বৃষ্টিকে উপেক্ষা করে পোস্টার
আর প্রার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে কুমিল্লার প্রতিটি
প্রান্তর।
কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের মূল আকর্ষণ আওয়ামী লীগ ও
বিএনপির মধ্যে মেয়র পদের লড়াই। মূলত মেয়র পদে নৌকা ও ধানের
শীষের লড়াই। আওয়ামী লীগের মেয়র প্রার্থী হিসেবে
আঞ্জুম সুলতানা সীমা ও বিএনপির মনিরুল হক সাক্কু প্রতিদ্বন্দ্বিতা করছেন।
দুই প্রার্থীই শুরু করেছেন তুমুল নির্বাচনী প্রচারণা। তবে এ নির্বাচনী
প্রচারণার অন্যতম আকর্ষণ হচ্ছে কেন্দ্রীয় নেতাদের পদচারণা।
দু’জনের সঙ্গেই প্রতিনিয়ত থাকছেন দলের কেন্দ্রীয় নেতারা।
সোমবার সকাল থেকে আ.লীগ দলীয় মেয়র প্রার্থী সীমা
নগরীর দক্ষিণের ১৯, ২০ ও ২১ নম্বর ওয়ার্ডে ব্যাপক গণসংযোগ
করেন। এ সময় তিনি ওয়ার্ডগুলোতে তিনটি উঠান বৈঠক করেন। ওয়ার্ডের
প্রতিটি পাড়া ও মহল্লায় গণসংযোগ করে নৌকা প্রতীকের পক্ষে ভোট
চান সীমা। তার সঙ্গে ছিলেন কেন্দ্রীয় আ. লীগের সাংগঠনিক
সম্পাদক একেএম এনামুল হক শামীম ও পরিকল্পনামন্ত্রীর মেয়ে
কুমিল্লা ভিক্টোরিয়ান্সের চেয়ারম্যান নাফিসা কামাল। মঙ্গলবার বেলা ১১টায়
দলীয় কার্যালয়ে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন সীমা।
অন্যদিকে সীমার পক্ষে নগরীর ১ নম্বর ওয়ার্ডে কেন্দ্রীয়
আ.লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লাহ, কৃষি ও সমবায় বিষয়ক
সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, সদস্য জহির উদ্দিন মাহমুদ লিফটন, ২ নম্বর
ওয়ার্ডে কেন্দ্রীয় আ.লীগের তথ্য সম্পাদক অ্যাডভোকেট
আফজাল হোসেন, সদস্য বলরাম পোদ্দার, ৬ নম্বর ওয়ার্ডে
কেন্দ্রীয় আ.লীগের বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার
হোসেন, সদস্য মাহফুজুল হায়দার চৌধুরী রোটনসহ স্থানীয় নেতারা
পৃথক পৃথকভাবে গণসংযোগ করে উন্নয়নের স্বার্থে নৌকায় ভোট
দেওয়ার আহবান জানান। এ ছাড়া অন্যান্য ওয়ার্ডেও গণসংযোগ করেছে
কেন্দ্রীয় ও স্থানীয় টিম।
অন্যদিকে বিএনপি দলীয় মেয়র প্রার্থী সাক্কু সকাল থেকে
গণসংযোগ শুরু করেন সদর দক্ষিণ উপজেলার ২৩ ও ২৪ নম্বর ওয়ার্ডে।
এসব স্থানে তিনি চারটি উঠান বৈঠকে বক্তব্য রাখেন। প্রতিটি পাড়া ও মহল্লায়
উন্নয়নের কাজ অব্যাহত রাখার জন্য ধানের শীষে ভোট দেওয়ার
আহ্বান জানান তিনি।
এছাড়া নগরীর ১৫ নম্বর ওয়ার্ডে বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত
মাহমুদের নেতৃত্বে, ১৬ নম্বর ওয়ার্ডে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক
কর্নেল (অব.) আনোয়ারুল আজিম, সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়ার
নেতৃত্বে, ২৩ নম্বর ওয়ার্ডে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা
জয়নুল আবেদীন ফারুকের নেতৃত্বে, নগরীর ১০ নম্বর ওয়ার্ডে
বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনের নেতৃত্বে, নগরীর ১৯
নম্বর ওয়ার্ডে বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলনের নেতৃত্বে
প্রচারণা চালানো হয়।
আগামী ৩০ মার্চ অনুষ্ঠিত হবে সিটি করপোরেশনের দ্বিতীয় নির্বাচন।
সদ্য বিদায়ী মেয়র মনিরুল হক দ্বিতীয়বারের মতো সিটি নির্বাচনে অংশ
নিচ্ছেন। অন্যদিকে সাবেক কাউন্সিলর আঞ্জুম সুলতানা সীমা এবারই
প্রথম মেয়র পদে নির্বাচন করছেন।

Related Post:

  • 0Blogger Comment
  • Facebook Comment